কসবা উপজেলার কুটি কাঠের পুল এলাকায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ ৮ মে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় এক অটো রাইস মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখেন- স্থানীয় বাসিন্দা মো. শামীম (৫০) তার অটো রাইস মিলে সরকারি নির্দেশনা না মেনে চাল প্লাস্টিকের বস্তায় প্যাকেজিং করছেন। জাতীয় পাটনীতি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী নির্দিষ্ট কিছু পণ্যে পরিবেশবান্ধব পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। এ আইন লঙ্ঘন করায় মো. শামীমকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সহায়তা করেন কসবা উপজেলার পাট পরিদর্শক মো. আবদুল হান্নান এবং কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, সরকার পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এ নিয়ম না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com