ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাইয়ের

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | ১১:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাইয়ের
ফাইল ছবি

পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুজন ফকির নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ১ মে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত সুজন (৩৫) ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত ঘাতক শাওন তার আপন চাচাতো ভাই। তিনি লিটন মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।


প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাওনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাওন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

নিহত সুজন ফকিরের ঘরে রয়েছে এক ছেলে (৩ বছর) ও এক মেয়ে (দেড় বছর)। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

নিহতের বাবা খোকন ফকির বলেন, ৪-৫ মাস আগে শাওনের মাদক ধরা পরে। আমার ছেলে সুজন মাল ধরিয়ে দিয়েছে ধারণা করে তাকে অপহরণ করে। এতে আমার প্রায় ৫ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই থেকেই বিরোধ চলে আসছিল। আজ শুকানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে শাওন আমার ছেলেকে খুন করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ধান শুকানোকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!