ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিতু (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছেন। আজ ১৪ মার্চ শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কের নন্দনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু সরাইল উপজেলার কাঁচারি পাড় এলাকার মজনু মিয়ার একমাত্র মেয়ে। মিতু সরাইল একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মিতু ৩-৪ দিন আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে তার খালার বাসায় বেড়াতে যায়। গতকাল বিকেলে সরাইলে বাড়িতে ফেরার পথে নন্দনপুর এলাকায় বিভাটেক থেকে ছিটকে পড়ে বিশ্বরোড অভিমুখী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মিতুকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com