ব্রেকিং

x

পর্দানশীন নারীদের এনআইডিতে মুখচ্ছবির পরিবর্তে ফিংগারপ্রিন্ট দিয়ে পরিচয় সনাক্তকরণের দাবীতে

ব্রাহ্মণবাড়িয়ায় পর্দানশীন নারীদের মানববন্ধন ও সমাবেশ, স্মারকলিপি প্রদান

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পর্দানশীন নারীদের মানববন্ধন ও সমাবেশ, স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় পর্দানশীন নারীদের ধর্মী অধিকার অক্ষুন্ন রাখতে এনআইডিতে মুখচ্ছবির পরিবর্তে ফিংগারপ্রিন্ট দিয়ে পরিচয় সনাক্তকরণের দাবীতে মানববন্ধন ও নারী সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার পর্দানশীন নারী সমাজের উদ্যোগে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় এই মানববন্ধন ও নারী সমাবেশ করা হয়। পরে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসারের নিকট তিনদফা দাবী নিয়ে পর্দানশীন নারীরা স্মারকলিপি দেন।



এ সময় তারা বলেন, ধর্মীয় কারণে ছবি তুলতে না পারায় এনআইডি কার্ড পাচ্ছেন না পর্দানশীন নারীরা। এজন্য নাগরিক সেবা নিতে পারছেন না তারা। প্রায় ৩০ লাখ পর্দানশীন নারীর এনআইডি আটকে রয়েছে। গত ১৬ বছর নির্বাচন কমিশনের কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন। ফলে এনআইডি কার্ড ছাড়া এসব নারীরা নিজের জমি বিক্রি করতে পারছেন না। সরকারি ত্রাণ সহায়তাও নিতে পারছেন না। এছাড়া সন্তানদের স্কুলেও ভর্তি করাতে সমস্যা হচ্ছে এনআইডি কার্ড না থাকার কারণে। তাই বৈষম্যহীন দেশ গঠনের অংশ হিসেবে মুখচ্ছবির বদলে ফিঙ্গারপ্রিন্টের মতো আধুনিক পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে এনআইডি কার্ড প্রদানের দাবি জানান তারা।
মানববন্ধনে পর্দানশীন নারী সমাজের পক্ষে বক্তব্য রাখেন ফারহানা হক, আহমদ আয়িশা সিদ্দিকা ও শাহনাজ পারভীন প্রমুখ। পরে মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন তারা।



দাবিগুলো হলো, ‘বিগত ১৬ বছর ধরে যেসব সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। এজন্য সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।’

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!