পুলিশের ভুয়া পরিচয়ধারী দুই ব্যক্তিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রাম থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। এ সময় পুলিশ পরিচয়ধারী ব্যক্তিদের ব্যবহৃত নিবন্ধনবিহীন তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ পরিচয়ধারী দুই ব্যক্তি হলো নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের রাসেল মিয়া (২৪) ও সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মো. রাসেল (২২)। গ্রেফতারকৃত অপর ছয়জন হলেন জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫), তাঁর বড় ভাই মানজু মিয়া (৪৮), ইছা মিয়া (৪৮), তাঁর ছেলে ইমরান মিয়া (২৩) এবং ইছা মিয়ার ছোট ভাই নান্নু মিয়া (৪৫) এবং সোহেল মিয়া (২৭)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে কয়েক মাস ধরে জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার সাথে একই গ্রামের আবদুর রহমানের বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৬ জানুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ থেকে একাধিক মামলাও হয়েছে। রাত আটটার দিকে মো. রাসেল মিয়ার নেতৃত্বে নিবন্ধনবিহীন তিনটি মোটরসাইকেলে করে ছয়জন জয়দরকান্দি গ্রামে যান। তাঁরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আবদুর রহমানের লোকজনের বসতবাড়িতে ত্রাস সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশ পরিচয় দেওয়া লোকজনের কথা ও আচরণ দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে খবর পেয়ে সরাইল থানার পুলিশ সদস্যরা জয়দরকান্দি গ্রামে গিয়ে ওই আটজনকে গ্রেফতার করেন। এ সময় পুলিশের ভুয়া পরিচয়ধারী আরো চারজন পালিয়ে যান। পুলিশ তাঁদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করে। থানা হাজতে আটক পুলিশের ভুয়া পরিচয়ধারী দুই ব্যক্তি আজ ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে নিজেদের দায় স্বীকার করেন। তাঁরা দুলালের প্ররোচনায় গ্রামে গিয়ে এমনটি করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান বলেন, ভুয়া দুই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া অপর ছয়জনকে আবদুর রহমানের করা মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com