ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই ভারতীয় চোরাচালানী আটক হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার অষ্টমঙ্গল সীমান্ত থেকে ৬০ বিজিবির সালদানদী বিওপির সদস্যরা তাদের আটক করে। আজ রোববার দুপুরে ৬০ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির কসবা সালদানদী বিওপির সদস্যরা অষ্টমঙ্গল নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে মো: রাজু আহমেদ (২৬) ও মো: সোহাগ হাসান (২৫) নামে দুই ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতরা ভারত ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গগোলা গ্রামের বাসিন্দা।
আটককৃতরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভারত থেকে বাংলাদেশে চোরাই পণ্য পাচার কাজে জড়িত। চোরাই পণ্য পাচারে সহায়তা করতে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল।
৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত দুইজন ভারতীয় নাগরিক। তারা সীমান্তে চোরাচালানের সাথে জড়িত। অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে থানায় সোপর্দ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com