ব্রেকিং

x

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আশুগঞ্জ নৌবন্দর অচল

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ

আশুগঞ্জ নৌবন্দর অচল

নৌযান শ্রমিকদের নিরাপত্তাসহ সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ আন্তর্জাতিক বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে।


চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে দু’দিন ধরে আজ ২৮ ডিসেম্বর শনিবারও চলছে অনির্দিষ্টকালের এ ধর্মঘট। নৌযান শ্রমিক ফেডারেশন গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের কারণে জেলার আশুগঞ্জ নদীবন্দরে আটকা পড়েছে মালবাহী কার্গো জাহাজ। বন্ধ রয়েছে পণ্য ওঠা-নামা। এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেকার হয়ে পড়েছেন বন্দরের শত শত শ্রমিক। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।


নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করার কারণে কার্গোজাহাজ থেকে সবধরনের পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে বন্দরের শ্রমিক এবং জাহাজ মালিকরা বিপাকে পড়েছেন। ইতোমধ্যেই আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে সার, সিমেন্ট, পাথর ও ধানবাহী জাহাজ। কর্মবিরতি পালন করার কারণে এসব পণ্যবাহী জাহাজ থেকে কোন লোড-আনলোড করা যাচ্ছে না। কর্মবিরতির ফলে কার্যত আশুগঞ্জ বন্দর অচল হয়ে পড়েছে।

বাংলাদেশ কার্গোভেসেল নৌযান শ্রমিক নেতা হাবিবুল্লাহ বাহার মাষ্টার জানান, আমাদের নৌপথে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে। সুমন শিপিং লাইন্সের স্বত্বাধিকারী সুমন বলেন, শ্রমিকদের কর্মবিরতি সম্পূর্ণ অবৈধ কারণ যে ঘটনা চাঁদপুরে ঘটেছে তার জন্য জাহাজ মালিক বা সরকার কেউ দায়ী নয়। দায়ী শ্রমিকরা। শ্রমিকদের দ্বারা ঘটনার জন্য মালিকদের দায়ী করা হচ্ছে। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

আশুগঞ্জ কার্গোভেসেল মালিক সমিতির সভাপতি নাজমুল হোসেন হামদু জানান, নৌযান শ্রমিকদের অযৌক্তিক কর্মবরতির কারণে আশুগঞ্জ বন্দরে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ আটকে থাকায় জাহাজ মালিকরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি কর্মবিরতি প্রত্যাহারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!