মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবেই দেশ সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করা হবে। এটাই এই সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। কাউকে বিচ্ছিন্ন রেখে নয় সবাইকে সাথে নিয়েই সিদ্ধান্তগুলো নেয়া হবে।
আজ ১ ডিসেম্বর রবিবার দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় কোল্লাপাথর শহিদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
ফারুক- ই- আজম বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হয়েছে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। এই তারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।
উপদেষ্টা কোল্লাপাথর শহীদ সমাধিস্থল পৌঁছে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি প্রতিটি কবর ঘুরে দেখেন।
কোল্লাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শনকালে উপদেষ্টার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথরে দেশের বৃহত্তম শহীদ সমাধিস্থল অবস্থিত। এখানে ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে। যার মধ্যে রয়েছেন পাঁচজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com