ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৪ বোতল বিদেশি মদ এবং ৩০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটকররা হলেন- সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার উজ্জ্বল কুমার দেব (৪০), একই এলাকার মাহমুদুল হাসান (১৮) ও শামসুল ইসলাম (২৮), লক্ষীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গা গ্রামের মো. রিয়াজ (৩২) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মো. নজরুল ইসলাম (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, শনিবার সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০৪ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল, মাহমুদুল হাসান ও শামসুলকে আটক করা হয়।
অপরদিকে সকাল ৯টার সময় একই স্থানে পৃথক অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিয়াজ ও নজরুলকে আটক করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com