সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় নির্বাচনকালীন সম্ভাব্য সহিংস পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। একপর্যায়ে সন্ত্রাসী দলবলের কেন্দ্র দখলের চেষ্টা ও হামলায় এক প্রিজাইডিং অফিসার আহত হন। পরে যৌথবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আহত প্রিজাইডিং অফিসারকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর সেনাসদস্যরা কেন্দ্র থেকে সন্ত্রাসীদের সরিয়ে কেন্দ্রের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।
এই সমন্বিত মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন বিভিন্ন সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি, দক্ষতা ও পারস্পরিক সমন্বয় সক্ষমতা প্রদর্শন করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা জোরদারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা মাঠে কাজ করবেন।
এদিকে প্রশাসন আরও জানায়, যৌথবাহিনী সার্বক্ষণিকভাবে মাঠে সক্রিয় রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com