ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ব্যাগে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:২৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ব্যাগে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় টহল দলের ধাওয়া খেয়ে পালানোর সময় রাস্তার পাশে ব্যাগ ফেলে যায় দুই মোটরসাইকেল আরোহী। পরে ওই ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।


এসআরবি-৯ সূত্রে জানা যায়, রাতে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সড়কে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে দেখতে পায় দলটি।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা হঠাৎ গাড়ি ঘুরিয়ে বিজয়নগরের দিকে পালানোর চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল ধাওয়া করে। একপর্যায়ে শিমরাইলকান্দি এলাকার ‘ক্যাফে তিতাস আড্ডা’ রেস্টুরেন্টের পাশে পাকা রাস্তার ওপর একটি কালো রঙের কাঁধব্যাগ ফেলে পালিয়ে যায় তারা।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মিমি চায়না পিস্তলের তাজা গুলি, একটি ধারালো ছুরি ও একটি স্টার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানিয়েছে, পলাতক দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!