ব্রেকিং

x

ভোক্তা-অধিকারের অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৬:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গ্যাস সিলিন্ডার, বেকারি পণ্য ও নিত্যপণ্যের বাজারে যৌথ অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (২৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

অভিযানকালে কুটি বাজারের সামি ট্রেডার্স ও জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামের দুটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া হাবীব লাইভ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুটি কেক সুন্দরী নামের কেকের রং ও ফ্লেভার বিক্রির দোকানে অবৈধ প্রক্রিয়ায় এবং মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বাজারে নিত্যপণ্যের মূল্য ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণেও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট চারটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!