ব্রেকিং

x

বিজিবির অভিযানে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৪:৩৭ পিএম

বিজিবির অভিযানে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।


বিজিবি সূত্রে আরও জানা যায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে ৭ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকার। একই সময়ে চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে ১৭৫ কোটি ৬ লাখ ৫৯ হাজার ১২৩ টাকার। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এসব অভিযানে মোট ৬৫ জন আসামিকে আটক করা হয়েছে।

এ ছাড়া সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এ পর্যন্ত পাঁচজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি।

বিজিবি জানায়, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!