ব্রাহ্মণবাড়িয়া শহরে বিনামূল্যে বিতরণের জন্য ওষুধ কোম্পানির দেওয়া ‘ফিজিশিয়ান স্যাম্পল’ অবৈধভাবে মজুত ও বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের বিভিন্ন ওষুধের দোকানে তদারকি চালানো হয়। এ সময় ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘন করে ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় দুলাল সার্জিক্যাল করপোরেশন, মুন্সি মেডিসিন কর্নার ও মেসার্স নাদিম এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল মার্টকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন সদর মডেল থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে। জনস্বার্থে এবং নাগরিকদের নিরাপদ ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com