ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টির সিরায় মরা পোকা, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি; জরিমানা ১ লাখ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ১০:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টির সিরায় মরা পোকা, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি; জরিমানা ১ লাখ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ‘পিওর সুইটমিট অ্যান্ড বেকারি’ নামে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটির মিষ্টির সিরায় ময়লা ও মরা পোকার অংশবিশেষ পাওয়া গেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্সও ছিল না।


রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য।


অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। চিনির গুঁড়া রাখা হয়েছিল নোংরা ও স্যাঁতসেঁতে বক্সে। কুকিজ তৈরির খামির ছিল খোলা ও ঢাকনাবিহীন অবস্থায়। মিষ্টির ছানা নোংরা দেয়ালের পাশে ঝুলিয়ে পানি ঝরানো হচ্ছিল। অন্যদিকে, কেক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হচ্ছিল কোনো লেবেল ছাড়াই।

এ ছাড়া মিষ্টি তৈরির সিরায় ময়লা ও মরা পোকার অংশবিশেষ পাওয়া যায়। এসব অনিয়মের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ কাঁচামাল কেনার চালান এবং উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাওয়া অনিয়ম এবং প্রতিষ্ঠানের মালিকের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!