ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ৩:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে মো. আকরাম ও মো. হোজাইফা নামে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।


বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদিপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে ফুটবল খেলছিল দুই ভাই। একপর্যায়ে তাদের খেলার বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখেন।

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলাধুলার সময় পুকুরের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!