ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন পর ঝোপে মিলল যুবকের মরদেহ, চাচাতো ভাই আটক

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ২:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন পর ঝোপে মিলল যুবকের মরদেহ, চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো. আজিম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলামকে (২৭) আটক করা হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। আটক রফিকুল একই গ্রামের হাসেম মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নিখোঁজ হন আজিম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার দিন ভোরে চাচাতো ভাই রফিকুলের মোবাইল ফোনেই আজিমের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল।

সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনের রাস্তায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ের একটি ঝোপে আজিমের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!