ব্রাহ্মণবাড়িয়ায় হারানো মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে ২৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় তার স্বামী খায়েশ মিয়া পালিয়ে গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলেয়া বেগম ওই গ্রামের খায়েশ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানে বাড়িটি থেকে ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে প্রযুক্তির সহায়তায় ফোনটির লোকেশন শনাক্ত করতে গিয়ে উলচাপাড়া গ্রামের একটি বাড়ির সন্ধান পায় পুলিশ।
খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, বাড়িটি খায়েশ মিয়ার। তিনি চোরাই মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার স্ত্রীও এ কাজে জড়িত বলে জানতে পারে পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য উদ্ধার এবং আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার আলেয়া বেগম পুলিশকে জানিয়েছেন, তারা চোর, ছিনতাইকারী ও মাদকাসক্ত ব্যক্তিদের কাছ থেকে কম দামে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কিনতেন। পরে সেগুলো লাভে বিক্রি করতেন। এ ছাড়া কিছু পণ্য তাদের কাছে টাকার বিনিময়ে বন্ধকও রাখা হতো।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com