ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ধান পানিতে তলিয়ে যেতে দেখে মাঠেই লুটিয়ে মৃত্যু কৃষকের

শনিবার, ০২ মে ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ধান পানিতে তলিয়ে যেতে দেখে মাঠেই লুটিয়ে মৃত্যু কৃষকের

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান দেখে মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছেন কৃষক আহাদ মিয়া (৫৫)। আজ ২ মে শনিবার সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আহাদ মিয়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে চিকিৎসকদের ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।


স্থানীয় ইউপি সদস্য ও নিহতের বড় ভাই আহম্মদ হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে মাঠে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর ছয় বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি হঠাৎ অচেতন হয়ে জমিতেই ঢলে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ মিয়া ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধান আবাদ করেছিলেন। জমির সব ধান পানিতে নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি বলে স্বজনরা জানান।

পরে শ্রমিক ও স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে জোহরের নামাজের পর রামপুর গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।

গোয়ালনগর ইউনিয়নের কৃষক দুধ মিয়া জানান, টানা বৃষ্টিতে ইউনিয়নের চার থেকে পাঁচ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। খলায় রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে। একই কারণে অন্তত তিনজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল বলেন, ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, বৃষ্টিতে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। ঘটনাটি সত্যতা যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে সহায়তার ব্যবস্থা করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!