নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে এবং মাহিম শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে। তারা দুইজনই নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নারুই এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী রাব্বি ও মাহিম প্রাণ হারান। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা আরো তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সিফাত জানান, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক; তাঁদের চিকিৎসা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com