ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে তিনলাখপীর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পাশের খালে পড়ে যায়। ফলে এলাকায় মোবাইল সেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
এছাড়া ঝড়ের সময় কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজার সড়কে একটি গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ওপর গাছ পড়ে মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাদৈর বাজার সড়ক থেকে উপড়ে পড়া গাছ সরানোর কাজ চলছে। উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কসবা ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টিনশেড ঘরবাড়িও।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com