ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল রবি এবং তার সমর্থকরা বাঙ্গরা বাজারের সরকারি জায়গায় দোকান নির্মাণ শুরু করলে এতে বাধা দেন বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়া, সেক্রেটারি মিজানুর রহমান মজনুসহ স্থানীয় ব্যবসায়ীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবদল সভাপতি শামীম মিয়া, তার ছেলে শান্ত, বাজার কমিটির সেক্রেটারি আতিক, বিএনপি নেতা মজনুসহ অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা চেয়ারম্যান রবি ও তার স্বজনদের ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বিএনপি সমর্থক শামীম মিয়ার দায়ের করা মামলায় চেয়ারম্যান রবি, তার ছোট ভাই রুবেল মিয়া ও মামাতো ভাই পলাশ মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com