ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদি মরন মিয়ার মৃত্যু

সোমবার, ১৮ মে ২০২৬ | ৬:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদি মরন মিয়ার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহতের নাম মরন মিয়া (৪০)। আজ ১৮ মে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।


হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, সকালে কারাগারে নাস্তা করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, অসুস্থ হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার প্রেসার, পালস ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে আসেন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!