ব্রেকিং

x

তীব্র বিদ্যুৎ সংকটে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ কেন্দ্র ভাঙচুর

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৯:৩৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ কেন্দ্র ভাঙচুর

তীব্র বিদ্যুৎ সংকটে ক্ষোভে ফেটে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকেরা। এরই জেরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি অভিযোগ কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে আজ ২২ এপ্রিল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিতরণ বিভাগ-১ সূত্রে জানা যায়, জেলায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি বিরাজ করছে। পিক আওয়ারে চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট এবং অফ-পিক সময়ে প্রায় ৩০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। এতে বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।

ঘটনার রাতে দাতিয়ারা এলাকায় একের পর এক দীর্ঘ লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন গ্রাহক অভিযোগ কেন্দ্রে ভাঙচুর চালায়। দায়িত্বরত কর্মচারী খলিলুর রহমান জানান, ওই সময় তিনি একাই দায়িত্বে ছিলেন। গ্রাহকেরা এসে কাঁচের দরজা ভেঙে দ্রুত সেখান থেকে চলে যায়।

পুলিশ ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মধ্যে গড়ে ৫টি লাইন বন্ধ থাকছে। এতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পিডিবি ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান বলেন, চাহিদার তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে এক ঘণ্টা পরপর লোডশেডিং দিতে হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি সদর থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং জেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে পুরো জেলাজুড়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!