ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাতকে শ্বাসরোধে হত্যা: প্রতিবেশী ইসহাক আটক, পিবিআইয়ের চাঞ্চল্যকর তথ্য

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাতকে শ্বাসরোধে হত্যা: প্রতিবেশী ইসহাক আটক, পিবিআইয়ের চাঞ্চল্যকর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর বয়সী স্কুলছাত্রী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক কাজে বাধা দেওয়ায় প্রতিবেশী ইসহাক মিয়া গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করেছে বলে জানিয়েছেন পিবিআই।


আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর মোহনপুর গ্রাম থেকে অভিযুক্ত ইসহাককে হেফাজতে নেয় পিবিআই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।


পিবিআই সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক হত্যার দায় স্বীকার করেছে। ঘটনার দিন (১৫ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি স্কুলের সামনে নিশাতের সঙ্গে তার দেখা হয়। পরে ঘোরানোর কথা বলে তাকে সদর উপজেলার রসুলপুর এলাকার একটি পার্কে নিয়ে যায়। দিনভর ঘোরাঘুরির পর রাত ১০টার দিকে নিশাতকে নিয়ে নিজ বাড়িতে ফেরে ইসহাক। সে সময় বাড়িতে ইসহাক একাই ছিল; তার স্ত্রী-সন্তান ছিলেন শ্বশুরবাড়িতে।

পিবিআইয়ের পুলিশ সুপার সচীন চাকমা জানান, রাতে অনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করলে শিশুটি বাধা দেয় এবং বিষয়টি মাকে জানিয়ে দেওয়ার কথা বলে। এতে আতঙ্কিত হয়ে ইসহাক তার গেঞ্জি দিয়ে নিশাতের মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।

এর আগে, নিখোঁজের দুই দিন পর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে শিশুটির মা আকলিমা আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ১৫ এপ্রিল চিপস কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। সে মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!