ব্রেকিং

x

ধর্মীয় সম্প্রীতির সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় নেতাদের অঙ্গীকার

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৩৩ অপরাহ্ণ

ধর্মীয় সম্প্রীতির সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় নেতাদের অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে আন্তঃধর্মীয় উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “ধর্মীয় নেতাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের মাধ্যমে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণ। ‘রূপসা’ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ইউএসএআইডি-এর আর্থিক সহায়তায় ”নাগরিক” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা আন্তঃধর্মীয় সম্প্রীতির অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।


বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ পুরো জেলায় বাস্তবায়ন করতে হবে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমিতাভ ঘোষ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, আইআরআই, বাংলাদেশ। প্যানেল আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান, জাতীয় ইমাম পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোস্তাক আহমেদ, মডেল মসজিদের ইমাম মো. জয়নুল আবেদীন, ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জয়শঙ্কর চক্রবর্তী, ব্রাহ্মণ সংসদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি খোকন কান্তি আচার্য্য, সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য্য এবং ব্রাহ্মণবাড়িয়া ব্যাপ্টিস্ট চার্চের প্রাক্তন পালক রবার্ট বিজন ঘোষ।


বক্তারা বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। কোনো ধর্মই হিংসার শিক্ষা দেয় না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য একটি এমন সমাজ গড়ে তোলা, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, এবং বোঝাপড়া প্রতিষ্ঠিত হবে। আমরা সামাজিকভাবে যো কোন অন্যায় মোকাবেলা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একসঙ্গে কাজ করবো।”

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!